• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম


লাইভে মেসির বাবার ভু’য়া মৃ’ত্যু সংবাদ প্রচার, চাকরি গেল উপস্থাপিকাসহ পুরো টিমের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুন ২০২৬ ৪:১৮ পিএম

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর প্রচার করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুসু টিভি। এ ঘটনার পর প্রতিষ্ঠানটি উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং অনুষ্ঠান ‘এল শো দেল ভেরানো’-এর পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছে।

বিশ্বকাপ চলাকালে এক লাইভ সম্প্রচারে ফ্লোরেন্সিয়া পেনিয়া দাবি করেন, লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। শুধু তাই নয়, তিনি আরও মন্তব্য করেন যে বাবার শেষকৃত্য ও পারিবারিক আনুষ্ঠানিকতায় অংশ নিতে আর্জেন্টিনা দলের অধিনায়কের যুক্তরাষ্ট্রে থাকা জাতীয় দলের ক্যাম্প ছেড়ে দ্রুত নিজ দেশে ফিরে যাওয়া উচিত।

তবে সম্প্রচারের কিছু সময় পরই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রমাণিত হয়। এরপর মেসি পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি একটি স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকলেও তিনি জীবিত এবং সুস্থ হওয়ার পথে রয়েছেন।

পরিবারের বিবৃতিতে বলা হয়, “বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, সুস্থ হয়ে উঠছেন এবং তার অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে। গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া গুজব ও জল্পনা-কল্পনা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে যেভাবে কিছু মানুষ সংবেদনশীলতা, সম্মান ও নৈতিকতাবোধের অভাবে উপস্থাপন করেছে, তা অত্যন্ত দুঃখজনক।”

একই বিবৃতিতে আরও বলা হয়, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য কেবল পরিবারের নিকটাত্মীয়দের কাছেই রয়েছে। তাই পরিবারের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য হিসেবে গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আর্জেন্টিনা এবং আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হোর্হে মেসি বর্তমানে অসুস্থতার কারণে বুয়েনস আইরেসে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর লিওনেল মেসির আবেগাপ্লুত হওয়ার পেছনে তার বাবার শারীরিক অবস্থার প্রভাব ছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

/এসএন