• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:৫৫ পিএম


অনুমতি ছাড়া হজের চেষ্টা, বাংলাদেশিসহ আটক ১৩ জন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ৫:৪২ পিএম

হজের নির্ধারিত আইন ও নিয়ম ভঙ্গের অভিযোগে বাংলাদেশিসহ ১২ জন প্রবাসী এবং এক সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ নিরাপত্তা বাহিনী।

প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি এলাকা ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে হজ পালনের কোনো বৈধ অনুমতিপত্র বা পারমিট ছিল না। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসীকে আটক করে। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ বিজ্ঞাপন প্রচার করে প্রতারণা চালিয়ে আসছিলেন।

অভিযানের সময় তাদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

তৃতীয় অভিযানে বৈধ অনুমতি ছাড়া তিন আফগান নাগরিককে মক্কায় প্রবেশ করানোর চেষ্টা করার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। আটক আফগান নাগরিকদের কাছেও কোনো বৈধ হজ পারমিট ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি নিরাপত্তা বাহিনী হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া কোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

/এসএন