পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজি ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করছেন।
রোববার (২৪ মে) এশার নামাজের পর হাজিরারা তাবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। মিনায় যাওয়ার আগে মুসল্লিরা ইহরামের কাপড় পরিধান করবেন।
৮ জিলহজ সোমবার মিনায় অবস্থান করবেন হাজিরা। সেখানে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। মিনায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার (২৬ মে) ৯ জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন তারা।
আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হজের খুতবা।
এ বছর হজের খুতবা প্রদান করবেন শায়খ আলি আল হুদাইফি।
খুতবার পর হাজিরারা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। এরপর তারা মুজদালিফায় রাত্রিযাপন করবেন।
পরদিন ১০ জিলহজ, বুধবার (২৭ মে) হাজিরারা জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন তারা।
চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৫ থেকে ১৮ লাখ মুসল্লি হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
/এসএন