ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ মুসলমানদের ইবাদতের জন্য পুনরায় খুলে দেওয়ার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও স্মৃতিচারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
শুক্রবার তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোস্যাল-এ দেওয়া এক পোস্টে এরদোয়ান বলেন, ‘আজ থেকে ছয় বছর আগে ৮৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আয়া সোফিয়া তার মূল পরিচয় ফিরে পেয়েছিল। ইনশাআল্লাহ, এই বরকতময় মসজিদে চিরকাল আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে। আয়া সোফিয়ার এই পুনর্জাগরণ সবার জন্য কল্যাণকর হোক।’
ঐতিহাসিক আয়া সোফিয়া মূলত একটি গির্জা হিসেবে নির্মিত হয়েছিল এবং প্রায় ৯১৬ বছর খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। পরে ১৪৫৩ সালে অটোমান সাম্রাজ্য ইস্তাম্বুল বিজয়ের পর সুলতান দ্বিতীয় মুহাম্মদ তার ওয়াকফ দলিলের মাধ্যমে স্থাপনাটিকে মসজিদে রূপান্তর করেন।
এরপর ১৯৩৪ সাল পর্যন্ত আয়া সোফিয়া মসজিদ হিসেবেই ব্যবহৃত হয়। তবে ওই বছর মন্ত্রিপরিষদের এক অধ্যাদেশের মাধ্যমে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয় এবং দীর্ঘ ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে সংরক্ষিত ছিল।
পরবর্তীতে ২০২০ সালের ১০ জুলাই তুরস্কের কাউন্সিল অব স্টেট ১৯৩৪ সালের সেই অধ্যাদেশ বাতিল করে। এর ফলে আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহারের আইনি পথ উন্মুক্ত হয় এবং একই বছর সেখানে আবারও নামাজ আদায় শুরু হয়।
সূত্র: রিলিজিয়ন আনপ্ল্যাগড
/এএসএফ