• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:২০ পিএম


রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত আরেকজন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ৯:২৪ পিএম

ইতালির রাজধানী রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি এলাকার ভিয়া মন্তিগ্লো সড়কের একটি আবাসিক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পরিবারের কর্তা কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে ইতালিতে বসবাস করছিলেন।

নিহত অপর দুজন হলেন কামাল হোসেনের স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী বড় ছেলে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই কামাল হোসেন, তার স্ত্রী ও কন্যাসন্তানের মৃত্যু হয়।

এ সময় হামলাকারীকে বাধা দিতে গেলে তাদের বড় ছেলেও ছুরিকাঘাতের শিকার হন। আহত অবস্থায় তিনি বাসা থেকে বের হয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ইতালির বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত তরুণকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে রোম পুলিশ।

চিকিৎসকদের বরাতে ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, আহত তরুণ বর্তমানে শঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতির ঘটনা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তদন্তে অগ্রগতি হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

/এএসএফ