কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচজন চিকিৎসককে দায়িত্বস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।
পরিদর্শনকালে দেখা যায়, হাসপাতালের কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজন দায়িত্বস্থলে উপস্থিত নেই। বিষয়টি দেখে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
অনুপস্থিত চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার ও ডা. শিমুল রানী দত্ত। এছাড়া কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকাও দায়িত্বস্থলে ছিলেন না।
হাসপাতাল পরিদর্শনের সময় এমপি হাসনাত আবদুল্লাহ চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহের অবস্থা এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা চিকিৎসকদের জন্য বাধ্যতামূলক। পরিদর্শনের সময় অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসএন