জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থক।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।
সমাবেশ শুরুর সময় রাজধানীতে বৃষ্টি হলেও তা কর্মসূচিতে অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়ায়নি। বৃষ্টির মধ্যেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে উপস্থিত হন। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে আরও নেতাকর্মী দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
/এসএন