• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম


মোদির ভিডিও মুছে ফেলার ঘটনায় জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৩:৩৭ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৩ জুলাই প্রকাশিত একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেটার প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।

কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়েও সতর্ক করা হয়েছে।

বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। কমিটির ভাষ্য, ‘সেফ হারবার’ সুবিধা বাতিল হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি প্রথম তথ্য বিবরণী (এফআইআর) দায়েরের পথ উন্মুক্ত হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তরুণদের উদ্দেশে যে প্রথম সেলফি ভিডিওটি প্রকাশ করেছিলেন, সেটি মেটা সাময়িকভাবে সীমাবদ্ধ করে। পরে ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি পুনরুদ্ধার করা হয়।

চলতি সপ্তাহের শুরুতে এ ঘটনার জন্য কারিগরি ত্রুটিকে দায়ী করে ক্ষমা চায় মেটা। তবে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত কনটেন্ট প্রতিরোধে ব্যর্থতার অভিযোগেও মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংসদীয় কমিটি। গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটকে জানানো হয়েছে, এ-সংক্রান্ত আইন লঙ্ঘিত হলে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে।

জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য তুলে ধরে নিশিকান্ত দুবে বলেন, শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশুদের প্রতি যৌন নির্যাতনমূলক কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নারীদের অশ্লীল কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়াকে তিনি জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সব সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রচলিত আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান

/এসএন