• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম


জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৫:২০ পিএম

বর্তমান সরকারের গত তিন মাসের কার্যক্রম সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। তবে তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের পরিস্থিতি সন্তোষজনক নয় এবং দেশ বর্তমানে মানুষের প্রত্যাশার বিপরীত ধারায় এগোচ্ছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, মাত্র এক মাসের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। তার মতে, মূল্যবৃদ্ধির প্রয়োজন হলে বিষয়টি জাতীয় সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

সিলেটের শিশু ফাহিমা হত্যাকাণ্ড প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, এই মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার কারণে বিলম্বিত হয়, তাহলে মানুষ ধরে নেবে যে বিচার আর হবে না। তিনি উল্লেখ করেন, ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুতগতিতে এগোচ্ছে, একইভাবে ফাহিমা হত্যার বিচারও আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা উচিত। এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চান তিনি।

অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার যদি সেই মৌলিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা থাকে না।

এর আগে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন ডা. শফিকুর রহমান। এ সময় ফাহিমার সমবয়সী কয়েকজন শিশু রাস্তার পাশে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

/এসএন