সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় রাতের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের মেহর বার্তা সংস্থা আমিরাতি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে নাসার থার্মাল ইমেজিং প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বন্দরসংলগ্ন একটি জ্বালানি মজুত ও স্থানান্তর গুদামে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে বিস্ফোরণের কারণ সামরিক হামলা নাকি শিল্প কারখানার দুর্ঘটনা—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইয়ামেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে। তবে আমিরাতের পক্ষ থেকে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে পার্শ্ববর্তী আল ফারজান এলাকার বাসিন্দারা এওএল নিউজকে জানিয়েছেন, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন।
ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলী এলাকা বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দরের পাশের একটি গুরুত্বপূর্ণ মুক্ত বাণিজ্য অঞ্চল এবং সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র।
/এসএন