জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের দল সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় সড়ক নির্মাণের পরিবর্তে খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে ওপার থেকে মাদক পাচার রোধ করা যায়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় অনেকে রোড বানায়, আমরা এখানে খাল খনন করবো। যাতে খন্দকের যুদ্ধের মত কেউ ওপাড় থেকে এপারে মাদক পাচার করতে না পারে। যাতে বাংলাদেশের যুব সমাজ নষ্ট না হয়।”
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা অব্যাহত থাকলে এবং সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে এনসিপি সীমান্তমুখী লংমার্চ কর্মসূচি ঘোষণা করবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভারতের সীমান্তঘেঁষা এলাকাগুলোতে মাদক উৎপাদন ও পাচার বেড়েছে এবং এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের তরুণ সমাজের ওপর পড়ছে।
সীমান্ত হত্যা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সীমান্তে হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল এবং পররাষ্ট্রমন্ত্রীকে সবুজ চুড়ি পড়ানো দরকার।”
/এসএন