দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারককে মোট ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
আমদানিকারকরা জানিয়েছেন, ইতোমধ্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে সোমবার (৩ আগস্ট) বিকেল নাগাদ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হবে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাঁচা মরিচের দাম ৩০০ টাকারও বেশি হয়েছে।
তিনি বলেন, ভারতে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম থাকায় বাজার নিয়ন্ত্রণে সেখান থেকে আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। সরকারের অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা এলসি খোলাসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন। আজ বিকেল থেকেই ভারত থেকে কাঁচা মরিচ আসা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম স্থিতিশীল রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক মোট ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন পেয়েছেন।
তিনি আরও জানান, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। নতুন অনুমতির ফলে আবারও এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হচ্ছে।
/এএসএফ