• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম


গোপালগঞ্জে স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ৮:৪২ পিএম

গোপালগঞ্জে এক স্কুলছাত্রী (১৩) ও এক তরুণকে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে নয়ন গোলদার (৪৫) নামে এক সাবেক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২ আগস্ট) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রাম থেকে নয়ন গোলদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে। তিনি হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই স্কুলছাত্রী ও এক তরুণকে ধরে এনে একটি দেবদারু গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে রাখেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এ সময় উপস্থিত কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই স্কুলছাত্রী। পরে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে গেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন জানান, ঘটনার দিন ওই শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত ছিল। অন্য স্থান থেকে ওই তরুণসহ দুজনকে ধরে এনে স্কুলের গেটের পাশে বেঁধে রাখা হয়। দূরত্বের কারণে শিক্ষকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি। পরে নয়ন গোলদার তাদের বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে আসেন এবং অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।

অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত সরকার বলেন, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। তবে বিদ্যালয়ের সভাপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

/এএসএফ