ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হলে বাহাত্তরের সংবিধান বাতিল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তার দাবি, বর্তমান সংবিধানে একদিকে জনগণকে রাষ্ট্রক্ষমতার মালিক বলা হলেও অন্যদিকে সংবিধানকেই সর্বোচ্চ কর্তৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা জনগণের সার্বভৌম ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক।
রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
ফরহাদ মজহার বলেন, একাত্তর নিয়ে কোনো আপস বা সমঝোতার সুযোগ নেই। তার ভাষায়, একাত্তরের মাধ্যমেই বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মতো বড় ঘটনা হঠাৎ করে ঘটেনি। এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া কাজ করেছে।
রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, যতদিন পর্যন্ত সেক্যুলার ও দক্ষিণপন্থি রাজনৈতিক ধারার মধ্যে ঐক্যের সেতুবন্ধন তৈরি না হবে, ততদিন একটি টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে না। একই সঙ্গে তিনি প্রচলিত রাজনৈতিক কাঠামো ও পুরোনো চিন্তাধারা দিয়ে রাষ্ট্র পরিচালনার ধারণারও সমালোচনা করেন।
ফরহাদ মজহারের মতে, পূর্ণ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি। শেখ হাসিনার আমলের সংবিধান বহাল রেখে প্রকৃত অর্থে অন্তর্বর্তী সরকার পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যদি অবৈধ বলা হয়, তাহলে একই সাংবিধানিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপির সরকারকেও অবৈধ বলতে হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য দেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, এবিএম খালিদ হাসান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনারসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
/এএসএফ