• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম


সব কিছুর বিনিময়ে জুলাইকে বাঁচিয়ে রাখব’—ডা. শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ১০:১৫ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সব কিছুর বিনিময়ে জুলাইকে বাঁচিয়ে রাখব। জুলাই এসেছে বৈষম্যের বিরুদ্ধে আঘাত হানতে। বাংলাদেশে আর বৈষম্য চলবে না। যারা এখন ক্ষমতায় গিয়ে বৈষম্য করছে, তাদেরই এর মাশুল দিতে হবে।’

রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবো না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকারও আগের সরকারের পথ অনুসরণ করছে। তার ভাষায়, ‘আগের ফ্যাসিস্ট সরকার যা করেছে, বর্তমান সরকারও হুবহু তাই করছে। বিরোধী দল দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগ—সবই আবার ফিরে এসেছে।’

তিনি বলেন, জাতীয় সংসদে গণভোট ও নির্বাচনসংক্রান্ত বিষয়ে তার দল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, জনগণের মতামত অগ্রাহ্য করা হলে তারা রাজপথে প্রতিবাদে নামবে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল বৈষম্য ও জনগণের ভোটাধিকার অস্বীকার। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন।

প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলে রাষ্ট্রীয় নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান না করলে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলী আহমেদ বীর বিক্রম বলেন, জনগণের সঙ্গে করা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তার মতে, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত হয়েছে এবং জুলাই গণ-অভ্যুত্থান পরিবর্তনের নতুন সুযোগ সৃষ্টি করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য, অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম। তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, এনসিপির নেত্রী মনিরা শারমিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুছা বিন ইজহার এবং জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

/এএসএফ