ভারতের সীমান্তবর্তী এলাকায় চীনের তৈরি ২৫০টি এসএইচ-১৫ (SH-15) ট্রাকভিত্তিক স্বচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এসব কামান ভারতের সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে পর্যায়ক্রমে স্থাপন শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।
সোমবার (৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর নিজেদের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও কার্যকর করে গড়ে তোলার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নোরিনকো (NORINCO) নির্মিত এসএইচ-১৫ মূলত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ব্যবহৃত পিসিএল-১৮১ (PCL-181) হুইলড সেলফ-প্রোপেল্ড হাউইটজারের রপ্তানি সংস্করণ।
৬×৬ আর্মার্ড শানসি ট্রাক চ্যাসিসের ওপর নির্মিত এই কামান ব্যবস্থা দ্রুত মোতায়েন, উচ্চ গতিশীলতা এবং দ্রুত অবস্থান পরিবর্তনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এবং দুর্গম ভূখণ্ডেও দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় এই স্বচালিত হাউইটজার মোতায়েনের মাধ্যমে পাকিস্তান তার আর্টিলারি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য সংঘাতের সময় দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতাও শক্তিশালী করতে চাইছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
/এএসএফ