জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অনলাইন বক্তব্য ও প্রকাশ্য উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, শেখ হাসিনা জীবিত আছেন কি না—এ নিয়েও তার মনে সন্দেহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার ব্রিফিংকে তারা কেবল আওয়ামী লীগ বা শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন না। তার ভাষ্য, এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের অংশ বলে তাদের কাছে মনে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ভারত সরকার শেখ হাসিনাকে একটি রাজনৈতিক ‘টুল’ হিসেবে ব্যবহার করছে। তার দাবি, এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
এনসিপির মুখপাত্র আরও বলেন, প্রায় দুই বছর ধরে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর শেখ হাসিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রথমে শেখ হাসিনা সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে শোনা গেলেও পরে অনলাইনে যুক্ত হওয়ার কথা জানানো হয়। তার দাবি, ওই অনুষ্ঠানে শেখ হাসিনার ভিডিওচিত্র দেখানো হয়নি, শুধু কণ্ঠ শোনানো হয়েছে।
এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “যখন কেউ সরাসরি উপস্থিত হন না এবং ভিডিওতেও দেখা যায় না, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তিনি আসলে জীবিত আছেন কি না। তবে আমাদের মূল উদ্বেগ হলো, তাকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
উল্লেখ্য, শেখ হাসিনা জীবিত আছেন কি না—এ বিষয়ে আসিফ মাহমুদের মন্তব্য তার ব্যক্তিগত ও দলীয় অবস্থান। এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি এবং এ বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো তথ্যও প্রকাশিত হয়নি।
/এএসএফ