• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম


‘ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে দূর করতে হবে’: শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ২:১৫ পিএম

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের কালো ছায়া এখনো রয়ে গেছে। এই আগ্রাসন সংস্কৃতির মাধ্যমেই দূর করতে হবে এবং সেই লক্ষ্যেই দেশীয় সাংস্কৃতিক সংসদ কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক চেতনা এবং জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক মাইলফলক। এই অর্জন ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশকে সবাই মিলে গড়ে তুলতে হবে, জাতিকে বিভক্ত করা যাবে না। যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা দেশের শত্রু। ভিন্নমত ও ভিন্ন আদর্শ থাকতে পারে, তবে জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ সাময়িকভাবে দেশ থেকে বিদায় নিয়েছে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে স্থায়ীভাবে বিদায় জানানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, নাট্যকার মাহবুব মুকুল এবং আবৃত্তিকার আহসান হাবীব খান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

জুলাই সাংস্কৃতিক উৎসবে দেশের বিভিন্ন প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি তাফাজ্জল হোসাইন খান, কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মণ্ডল, ‘কবিতা বাংলাদেশ’-এর সেক্রেটারি ড. মাহফুজুর রহমান আখন্দ, গীতিকার সাইফুল আরেফিন লেলিন এবং জুলাই শহীদ আব্দুল্লাহ তাহিরের মা।

অনুষ্ঠানে তেলাওয়াত, আবৃত্তি, জারি, সংগীত, কাওয়ালি, গম্ভীরা ও অভিনয়সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘রক্তাক্ত জুলাই’ শিরোনামের একটি বিশেষ নাটক মঞ্চস্থ করা হয়, যেখানে জুলাই আন্দোলনের আত্মত্যাগ, সংগ্রাম ও গণজাগরণের শিল্পরূপ তুলে ধরা হয়।

/এসএন