• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পিএম


ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ পরিচালনা করছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ২:১৩ পিএম

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরে নানা সংকট থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল। এরপরও তারেক রহমানের নেতৃত্বে দেশের পরিচালনা অধ্যাপক ড. ইউনূসের সময়ের তুলনায় অনেক ভালো হচ্ছে বলে তিনি মনে করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, দেশ এভাবেও চলা উচিত নয়। মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমানো প্রয়োজন।

বর্তমান সরকারের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত বলে তিনি মনে করেন।

শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এসব কর্মসূচির কারণে অনেক নেতাকর্মী অপ্রয়োজনীয়ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তার দাবি, একটি ঘোষণার পর থেকেই বহু নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগের বিষয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

/এসএন