• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম


‘জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’—সচিবালয়ের সামনে জামায়াত আমির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৫:২১ পিএম

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এ সময় সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জনগণের ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি।”

জামায়াত আমির বলেন, তারা সেখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসেননি, বরং জনগণের ১১ দফা দাবি সরকারের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “এই ১১ দফা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থের জন্য নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি।”

সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনভোগান্তি দিন দিন বাড়ছে। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সচিবালয়কে জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জনগণের দাবি শোনা এবং তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া উচিত।

সমাবেশে তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/এএসএফ