জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় মডেল সিমু আক্তার বৃষ্টি, যিনি মিষ্টি সুবাস নামেও পরিচিত, তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী।
মিষ্টি সুবাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ তাকে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ সময় তার আইনজীবী গোলাম রাব্বানী আবেদনটির বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা আড়াইটার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে আয়োজিত একটি মিছিলে অংশ নেন রুহুল আমীন। এ সময় তার বাম পায়ের গোড়ালিতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। চিকিৎসা শেষে গত বছরের ৩ অক্টোবর রুহুল আমীন বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামিদের সহযোগী হিসেবে মিষ্টি সুবাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিলেন বলে তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় মিষ্টি সুবাস আলোচনায় আসেন। ওই দিন জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অবস্থান করার অভিযোগে পুলিশ তাকে আটক করেছিল।
/এসএন