• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ এএম


‘জুলাই আন্দোলনের শুরুতে বিএনপি-জামায়াত রাজপথে ছিল না’—ফয়জুল করীম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৫:১৪ পিএম

জুলাই আন্দোলনকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের মধ্যে বিএনপি ও জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তার দাবি, আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে বিএনপি ও জামায়াত তখন মাঠে ছিল না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আন্দোলন সফল হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দাবি করছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের গোপন সমঝোতা বা আঁতাত ছাড়াই শুরু থেকেই রাজপথে থেকে আন্দোলন করেছে।

তিনি দাবি করেন, আন্দোলন ব্যর্থ হলে অন্যদের সরে যাওয়ার সুযোগ থাকলেও তাদের সামনে সেই সুযোগ ছিল না। সে কারণেই তারা শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনে সক্রিয় ছিলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, সরকারের আমলে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতেও মানুষ চরম দুর্ভোগে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

সরকারের উদ্দেশে ফয়জুল করীম বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে এবং অন্যায়-অবিচার অব্যাহত থাকলে আবারও আন্দোলন গড়ে উঠতে পারে।

বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

/এএসএফ