• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম


‘পাঁচ মাসেই পুরোপুরি ব্যর্থ সরকার’—১১ দলের সমাবেশে নাহিদ ইসলাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৫:০৪ পিএম

সরকার পাঁচ মাসের মধ্যেই সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার জনগণকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং নাগরিকদের নানা ভোগান্তির মুখে ফেলেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল ও গ্যাস সংকট এবং বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’-এর প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বৃষ্টির মধ্যে বসে সমাবেশ করছি। এটি সরকারের জন্য একটি বার্তা। সরকার পাঁচ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না।”

ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল বিরোধী ছাত্রসংগঠন ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

তার ভাষায়, “ছাত্রলীগের মতো তারা হামলা করছে। ক্যাম্পাসগুলো কোনো অবস্থাতেই তাদের হাতে ছেড়ে দেওয়া হবে না।”

সরকারের বিরুদ্ধে নাগরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং প্রতিটি ক্ষেত্রে বিশ্বাসভঙ্গের পরিচয় দিচ্ছে।

তিনি বলেন, “সরকার যদি গ্যাস ও বিদ্যুতের চাহিদা পূরণ করতে না পারে, তাহলে ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের জনগণ তাদের আর কোনো সুযোগ দেবে না।”

গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “সরকার গ্যাস, বিদ্যুৎ ও কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয়।”

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মুফতি মুখলেসুর রহমান কাসেমী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

/এএসএফ