• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৩২ এএম


তারেক রহমানের পরামর্শেই জুলাইতে প্রোফাইল ছবি লাল করা হয়েছিল: ছাত্রদল নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ৪:২৩ পিএম

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার ওপর সহিংসতার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে লাল রঙের প্রোফাইল ছবি ব্যবহারের উদ্যোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে নেওয়া হয়েছিল বলে দাবি করেছেন ছাত্রদল নেতা ইরফান আহমেদ ফাহিম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। ইরফান আহমেদ ফাহিম সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি।

পডকাস্টে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সরকার ঘোষিত শোক কর্মসূচি প্রত্যাখ্যান এবং আন্দোলনের প্রতি সংহতি জানাতে ফেসবুকে লাল রঙের প্রোফাইল ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও দাবি করেন, ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমেই ওই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পাশাপাশি আন্দোলনের নেতৃত্বদানকারী বিভিন্ন পক্ষের সঙ্গে ছাত্রদলের নিয়মিত যোগাযোগ ছিল বলেও উল্লেখ করেন।

ইরফান আহমেদ ফাহিমের ভাষ্য, জুলাইয়ের আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির অংশগ্রহণে এটি একটি বৃহত্তর গণআন্দোলনে পরিণত হয়েছিল। তার দাবি, এই সম্মিলিত আন্দোলনের ফলেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন।

তিনি জানান, আন্দোলনের সময় পুরান ঢাকার বিভিন্ন এলাকায় তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন এবং আন্দোলনের সমন্বয়ে ভূমিকা রেখেছেন। সে সময়ের নানা ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, পুরান ঢাকার পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

ছাত্রদল নেতা আরও দাবি করেন, জুলাইয়ের আন্দোলনে সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সে সময় পুরান ঢাকার অনেক ঘটনা জাতীয় গণমাধ্যমে পর্যাপ্তভাবে উঠে আসেনি বলেও মন্তব্য করেন।

পডকাস্টে তিনি আন্দোলনের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা, সংগঠনের ভূমিকা এবং মাঠপর্যায়ের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি দাবি করেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারী পক্ষগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমেই কর্মসূচিগুলো পরিচালিত হয়েছিল।

তবে ইরফান আহমেদ ফাহিমের এসব বক্তব্য ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এএসএফ