১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল বা কর্মসূচি পালন করছে না—বিএনপির এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে রাজধানীর নেভিগলিতে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার ও বিচারের প্রধান তিনটি দাবি সরকার মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।
বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। এমনকি আগের দিনও দুটি মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।
এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, ‘আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট শুরু থেকেই এই অবস্থান নিয়ে কথা বলে আসছে।’
আন্দোলনের মূল দাবিগুলো তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ নির্দিষ্ট তিনটি দাবিতে আমরা রাজপথে আছি। কিন্তু সরকার এই দাবিগুলো মানছে না। সরকার আমাদের দাবিগুলো মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।’
বক্তব্যে তিনি মূলত বোঝাতে চেয়েছেন, তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করা হলে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরি বন্ধ হবে। আর দলটির কার্যক্রম নিষিদ্ধ হলে তাদের নেতাকর্মীরাও ঢাকা শহরে নাশকতা বা ককটেল বিস্ফোরণ ঘটানোর কোনো সুযোগ পাবে না বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
/এসএন