• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৩১ এএম


জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ঠেকানো যায়নি: নাহিদ ইসলাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১১:২৬ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচনে যে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, তা ঠেকানো যায়নি। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, লাঠিয়াল বাহিনী কিংবা সন্ত্রাসীদের জায়গা করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট বাজারে এনসিপির কানাইঘাট উপজেলা শাখার আয়োজনে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাঁরা যেন শাপলা প্রতীক ও এনসিপির পক্ষে দাঁড়ান।

সভায় সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ কষ্টে আছে। গ্যাস, সবজি ও বিদ্যুতের দাম বেড়েছে। দুই দিন আগে এক বৃদ্ধা টিসিবির লাইনে দাঁড়িয়ে মারা গেছেন। কিন্তু বিরোধী দল হিসেবে এসব বিষয়ে সমালোচনা করাও সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘মানুষ কষ্টে আছে। গ্যাস, সবজির দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। দুই দিন আগে এক বৃদ্ধা টিসিবির লাইনে দাঁড়িয়ে মারা গেছে। কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারব না। আমরা যদি সমালোচনা করি, চোখ উপড়ে ফেলা হচ্ছে। বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যানের নমুনা।’

তিনি আরও বলেন, দেশে নব্য ফ্যাসিবাদ তৈরি হলে তা রুখে দেওয়া হবে। দমন-পীড়ন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন থামানো যায় না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

বিএনপির নেতা-কর্মীদের ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘পাট, ধানখেতে যেসব সৈনিক এত বছর লুকিয়ে ছিল, যেসব সৈনিক জেলের ভেতরে ছিল লন্ডনে কিংবা শিলংয়ে, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসেছে। জনগণের ওপর আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণিত হয় যে বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেনি।’

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন। তবে তাঁদের নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা জমি দখল মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, অতীতে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে ব্যবসা হয়েছে। এখন জিয়ার নামেও ব্যবসা হতে দেওয়া হবে না।

পথসভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এতে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা পালন করেনি। তিনি প্রধানমন্ত্রীকে সন্ত্রাস দমন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় সরকার থেকে পদত্যাগের দাবিও জানান তিনি।