• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ এএম


‘আমরা কখনোই সংবিধান সংস্কারের কথা বলিনি’—মির্জা ফখরুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ৪:৫৬ পিএম

সরকার সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায় এবং এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ রয়েছে বলে মনে করি না।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ওই সনদে রাজনৈতিক দলগুলো একসঙ্গে স্বাক্ষর করেছে। তবে গণভোট-সংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এছাড়া উচ্চ কক্ষের বিষয়েও বিএনপি কখনো একমত ছিল না।

তার ভাষ্য, সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে। কিন্তু এখন বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে সংস্কারের সূচনা বিএনপিই করেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বিএনপি সংসদে পাস করেছিল। এখন যারা বিরোধী দলে রয়েছেন, তারা মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন।’

তিনি অভিযোগ করেন, বিরোধী দল জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাইকে কারও হাতিয়ার হতে দেবে না বিএনপি।’

বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা বিরাজ করছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার আদর্শ অনুসরণ করে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ৬০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জন গুম হয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মী নিহত হয়েছেন।

/এসএন