• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:৪৯ এএম


গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝল কীভাবে—প্রশ্ন জামায়াত আমিরের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ১১:২৬ পিএম

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাইয়ের’ সবচেয়ে বড় দাবি ছিল রাষ্ট্র সংস্কার। জনগণ যদি গণভোটের চারটি প্রশ্ন বুঝতে না পারে বলে দাবি করা হয়, তাহলে তারা ৩১ দফা কীভাবে বুঝল—এমন প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভোটচুরির স্বীকারোক্তি রয়েছে এবং ভবিষ্যতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে সামনে আসবে। তিনি ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো অন্যায় না করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘জীবন দেব, তবুও “চব্বিশকে” হারিয়ে যেতে দেব না।’ তার ভাষ্য, সবাই ‘চব্বিশ’-এর অর্জন স্বীকার করলেও অনেকে এখনো অতীত নিয়েই পড়ে আছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, এত হীনমন্যতা কেন?

জামায়াত আমির বলেন, ‘চব্বিশ’ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি নিজে বিরোধীদলীয় নেতা হতে পারতেন না। অতীত নিয়ে পড়ে থাকলে জাতি সামনে এগোতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি সবাইকে ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়ে ‘চব্বিশ’-এর অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিনা বেতনে কিছু শিক্ষক তৈরি হয়েছে, যারা সংবিধান শেখাচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, কোন সংবিধানে সংবিধান সংশোধন কমিটি রয়েছে? তার দাবি, গণভোটের রায়ের পক্ষে লড়াই কখনোই বৃথা যাবে না। সংসদে সমাধান না হলে সেই সমাধান রাজপথে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভারত প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ভারত জামায়াতকে একমাত্র অপছন্দের দল হিসেবে বিবেচনা করে এবং তাদের ‘লাল কার্ড’ দেখায়। তবে সেই ‘লাল কার্ডের’ কোনো পরোয়া করে না জামায়াত। তিনি বলেন, ভারতের ভূখণ্ডে যাওয়ারও তাদের কোনো ইচ্ছা নেই।

/এসএন