বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের কোনো ‘পিসি-খালার দেশ’ নেই এবং কোনো দেশের ‘লাল কার্ডের’ও তারা পরোয়া করেন না। তিনি বলেন, তাদের একমাত্র দেশ বাংলাদেশ এবং ভারতের আশ্রয় নেওয়ার কোনো চিন্তা তাদের নেই।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কোনো পিশি-খালার দেশ নাই। আমাদের দেশ বাংলাদেশ। জীবন দিয়ে আমাদের নেতারা তার প্রমাণ দিয়েছেন।” তিনি আরও বলেন, তারা কখনো ভারতের বুকে আশ্রয় নেওয়ার চিন্তা করেন না।
স্বাধীন পররাষ্ট্রনীতি এবং ভারতের ভূমিকা প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, প্রতিবেশী দেশ ভারতকে ইঙ্গিত করে অনেকেই আক্ষেপ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ভারত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের দেশে আমন্ত্রণ জানালেও জামায়াতে ইসলামিকে ‘লাল কার্ড’ দেখিয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার চিন্তাও করি না। আমাদের আশ্রয়ের জায়গা ১৮ কোটি মানুষের অন্তর।”
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি আন্দোলনে আহত এবং পঙ্গুত্ববরণকারী যোদ্ধারাও উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
/এসএন