• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম


স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

“আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে আর দাফন হয়েছে দিল্লিতে”

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ জুলাই ২০২৬ ৩:৫১ পিএম

বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে।’

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল এবং অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল। তিনি এটিকে ‘পর্দার অন্তরালের কথা’ বলে উল্লেখ করেন।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবসা না করে, সে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।’

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

/এএসএফ