• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:০৪ পিএম


‘পচা পানির কচুরিপানার মতো উঁকি দিচ্ছে আ.লীগ’—রিজভী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১০:৫১ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পচা পানির কচুরিপানার মধ্য থেকে আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে জনগণ ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থানের কারণে তাদের সেই অপচেষ্টা সফল হবে না।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ জনগণের জীবন থেকে সুন্দর ভবিষ্যৎ, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাভাবিক জীবনযাপনের অধিকার কেড়ে নিয়েছিল। এখন তারা দেশে-বিদেশে পাচার করা বিপুল অর্থ ব্যবহার করে আবারও সমাজ ও রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, “যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা মানুষের বেঁচে থাকার অধিকার হরণ করেছিল, তারা এখন নানা কৌশলে সমাজে অশান্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করতে চাইছে।”

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরে বিরোধী দলকে দমনের জন্য আওয়ামী লীগ সরকার পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছে। তিনি অভিযোগ করেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

রিজভী বলেন, “জনির মতো অসংখ্য জাতীয়তাবাদী সৈনিককে হত্যা করা হয়েছে। চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ বহু নেতাকে গুম করা হয়েছে। সেই গুম-খুনের রাজত্ব কি আবার ফিরে আসবে? জনগণ কি তা মেনে নেবে? উত্তর হলো—না।”

তিনি আরও বলেন, দেশ বর্তমানে অগ্রগতি, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভীর ভাষায়, “গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি ও মানুষের স্বাধীনতাকে আবারও রুদ্ধ করার অপচেষ্টা চলছে। কিন্তু তা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। স্বাধীনতা ও সার্বভৌমত্বপ্রিয় মানুষ একত্রিত হয়ে ফ্যাসিবাদের যেকোনো অশুভ তৎপরতা প্রতিহত করবে।”

/এএসএফ