• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ এএম


‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি’—স্বরাষ্ট্রমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুন ২০২৬ ৬:১৭ এএম

আওয়ামী লীগকে ‘মাফিয়া পার্টি’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগকে তিনি কোনো রাজনৈতিক দল হিসেবে মনে করেন না। দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে এবং তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য যেকোনো তৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; এটা একটি মাফিয়া পার্টি। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র সংশ্লিষ্ট দেশের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রী বলেন, “তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি, দেশটির সরকার দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।”

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এই এলাকাকেও নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের নির্মূল করা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের এই প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে।

সূত্র: সচিবালয় ব্রিফিং

/এএসএফ