• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম


লক্ষীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা!

আপডেট টাইম: ১০ এপ্রিল ২০২৬ ১২:২৬ পিএম

লক্ষ্মীপুর-এ পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তার ডান চোখও উপড়ে ফেলেছে বলে জানিয়েছে পরিবার।

শুক্রবার সকালে তেওয়ারীগঞ্জ ইউনিয়ন-এর পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফরহাদ হোসেন পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং এক সন্তানের জনক।

ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার গভীর রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি।

ভোরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে তার লাশ পড়ে থাকার খবর পান পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, টাকার লেনদেনকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানা-এর উপ-পরিদর্শক মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।