পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির পর সরকারি কার্যক্রমে সরাসরি অংশ নিতে সোমবার (১ জুন) সকালে তিনি সচিবালয়ে যান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উদযাপন শেষে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। দিনভর তার একাধিক বৈঠক ও আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সূত্র অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ বিষয়ক একটি সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সরকারের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমও পূর্ণমাত্রায় শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
/এসএন