• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ এএম


ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৪

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুন ২০২৬ ৭:৩৬ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা গ্যাসের সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারে ছয়জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর চালকসহ সবাই গুরুতর আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএসএফ