বরিশাল প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি স-মিলে ঢুকে পড়েছে। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) একটি বাস প্রথমে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক ছেড়ে পাশের একটি স-মিলের ভেতরে ঢুকে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এএসএফ