আসন্ন পঞ্চম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরে তার সঙ্গে থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদল। তারা নিউইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলনে (ইউএনসিওপিএস ২০২৬) অংশ নেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা জোরদার, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন, আধুনিক পুলিশিং ব্যবস্থার উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা, অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব তুলে ধরার বিষয়েও এ সফরে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৭ ও ৮ জুলাই দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশিং সংস্থাগুলোর উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় ও জাতিসংঘ পুলিশিং ব্যবস্থার সমন্বিত ভূমিকার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা।
/এসএন