• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম


পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালুর ঘোষণা, চাঁদাবাজির তথ্য দিলেই ব্যবস্থা নেয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৯:২৮ পিএম

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে ১৬৬১১৩ নম্বরে ফোন করে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাসংক্রান্ত এক সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগে এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে একটি মনিটরিং সেল চালু থাকবে। পাশাপাশি দেশের সব কোরবানির পশুর হাটে আনসার সদস্য মোতায়েন করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পশুর হাটে সব ধরনের চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে এবং যেকোনো অভিযোগ দ্রুততার সঙ্গে গুরুত্ব দিয়ে দেখা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে। এসব হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি থাকবে।

তিনি আরও জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের সুবিধার্থে সরকার বিনামূল্যে লবণ সরবরাহের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

গার্মেন্টস খাতের শ্রমিকদের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের আগেই সব শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সম্মতি দিয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, চাঁদাবাজির কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথায় চাঁদাবাজি বেড়েছে সেই তথ্য পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

এদিকে তিনি জানান, গত ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে অবৈধ অস্ত্রধারী ও মাদক সংশ্লিষ্টদের গ্রেপ্তারে জোর দেওয়া হয়েছে। এ অভিযানের অগ্রগতি নিয়মিতভাবে পুলিশ সদরদপ্তর, ডিএমপি ও জেলা পুলিশ সুপারদের প্রতিবেদন আকারে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

/এসএন