• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম


বাংলাদেশে থাকা ‘অবৈধ ২৬ লাখ ভারতীয় নাগরিককে’ বহিষ্কারের দাবি ইনকিলাব মঞ্চের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৮:১৯ পিএম

ইনকিলাব মঞ্চ বাংলাদেশে অবস্থানরত “অবৈধ ২৬ লাখ ভারতীয় নাগরিককে” বহিষ্কারের দাবি জানিয়েছে। একই সঙ্গে ভারতকে দেওয়া সব ধরনের একপাক্ষিক সুবিধা বন্ধের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।আজ এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, দেশে অনুপ্রবেশকারীদের বিষয়ে আইন থাকলেও ভারত সরকার তা মানছে না।সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি দাবি করেন, ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ সীমান্তে গুলিতে নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, “গড়ে প্রতি ১২ দিনে একজনকে হত্যা করা হয়েছে।” তিনি আরও বলেন, গত ৫০ বছর ধরে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সীমান্ত ইস্যুর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতেও ভারত হস্তক্ষেপ করছে। এ বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, “একটি স্বাধীন সার্বভৌম দেশ কতটুকু সামরিক সক্ষমতা অর্জন করবে, এটা ভারত ঠিক করে দিচ্ছে।”

তিনি বিষয়টিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন।এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ভারতীয় হাইকমিশনারকে তলব করে কৈফিয়ত চাওয়া এবং ভারতীয় রাষ্ট্রের মদদে সংখ্যালঘু মুসলিম নিধন ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো।এ ছাড়া জাতিসংঘ ও ওআইসি-তে জরুরি আলোচনা তোলার আহ্বান জানিয়ে সংগঠনটি ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে। একই সঙ্গে সীমান্ত হত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা এবং বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানানো হয়।তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত “২৬ লাখ অবৈধ ভারতীয় নাগরিক” ও সীমান্ত হত্যার পরিসংখ্যানসহ বিভিন্ন দাবির স্বাধীন বা সরকারি যাচাইয়ের তথ্য উপস্থাপন করা হয়নি।

/বিএসএস