• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ এএম


আসন্ন ঈদ উপলক্ষে দোকান-পাট খোলা রাখার সময়সীমা বাড়াল সরকার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৮:৫৬ পিএম

মহানগর ডেস্ক:
বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকলেও ঈদুল আজহা উপলক্ষে সেই সময়সীমা বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত সারাদেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এতে আরও বলা হয়, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাড়তি সময় খোলা রাখলেও কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সময় বাড়ানোর ফলে ঈদের কেনাকাটায় স্বস্তি ফিরবে এবং ক্রেতাদের চাপও কিছুটা কমবে।