• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম


গল্প শুনলেই শান্ত হয় বেপরোয়া ‘ডোনাল্ড ট্রাম্প’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৮:৪৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি খামারের বিশাল আকৃতির ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। দুই বছর বয়সী এই ষাঁড়টির ওজন ২৫ মণ। খামারের অন্য গরুগুলোর তুলনায় এটি বেশ বেপরোয়া স্বভাবের। লোকজন দেখলেই কিংবা হঠাৎ করেই উত্তেজিত হয়ে পড়ে। তখন তাকে শান্ত করার জন্য গল্প শোনানোই একমাত্র উপায় বলে জানিয়েছেন খামারের মালিক।

মঙ্গলবার (১২ মে) রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামে নারী উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলাকে নিজের খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর মাথায় হাত বুলিয়ে গল্প শুনিয়ে শান্ত করতে দেখা যায়।

ফারিয়া আক্তার ইলা জানান, ২০২৩ সালে নিজের বাড়িতে শখের বসে একটি গরু পালন শুরু করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই বড় পরিসরে খামার গড়ে তোলার স্বপ্ন দেখেন। বর্তমানে তার খামারে দেশি ও বিদেশি জাতের মোট ৬৪টি গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় গরুটি হলো ২৫ মণ ওজনের এই ষাঁড়, যার নাম তিনি আদর করে রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

তিনি বলেন, তার এই খামারের সফলতার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন প্রবাসী স্বামী মো. সুমন খান। শুরু থেকেই তিনি আর্থিক সহায়তা ও মানসিক সমর্থন দিয়ে আসছেন। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা গোলাম ফারুক তালুকদারও তাকে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন।

খামারটিতে বর্তমানে শাহিওয়াল, ফাইটার, ওয়েস্টার্ন ফ্রিজিয়ানসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুগুলো দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা হচ্ছে বলে জানান উদ্যোক্তা।

ফারিয়া আক্তার ইলা আরও জানান, ইতোমধ্যে তার খামার থেকে ৩০টি গরু বিক্রি হয়েছে। গরুগুলোকে খড়কুটো, ঘাস ও দানাদার খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হচ্ছে। আসন্ন কোরবানির ঈদে এই খামার থেকে প্রায় এক কোটি টাকার পশু বিক্রির আশা করছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় গরু ‘ডোনাল্ড ট্রাম্প’-এর দাম চাওয়া হয়েছে ৯ লাখ টাকা।

রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফারিয়া আক্তার ইলা একজন পরিশ্রমী নারী উদ্যোক্তা। দেশীয় পদ্ধতিতে গরু লালন-পালন করে তিনি সফলতা পেয়েছেন। তাকে দেখে আরও অনেক নারী এই খাতে আগ্রহী হচ্ছেন। প্রাণিসম্পদ বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

/এইচটি