ফেসবুক লাইভে মব তৈরি করে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম দুই বছরের শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৫ মে) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে গিয়ে এতিম শিশু মুসলিমার খোঁজখবর নেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশেই তিনি সেখানে গিয়েছেন এবং শিশুটির লালন–পালনে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।এ সময় মুসলিমার দাদা–দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও নিয়মিত সহায়তার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ বোস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।গত শুক্রবার রাত নয়টার দিকে ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়া বাজার থেকে একটি ট্রাক দ্রুতগতিতে নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার হয়ে বিলনালিয়ার দিকে গেলে স্থানীয় জনতা চালককে গণপিটুনি দেয়। এতে ট্রাকচালক হান্নান শেখ (৪৫) ও তার দুই সহচর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর গ্রামের বাসিন্দা শহীদ শেখের ছেলে। মুসলিমার জন্মের এক মাস পরই বাবা–মায়ের বিচ্ছেদ হয় এবং মা তাকে ছেড়ে চলে যান। মাত্র দুই বছর বয়সে বাবাকেও হারিয়ে এখন দাদা–দাদিই তার একমাত্র আশ্রয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
/বিএসএস