• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:৫৪ এএম


ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৭:৪৩ এএম

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষের দাবি, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিলেন।

সোমবার (৩ আগস্ট) দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি ওমিদ বেহজাদ ও পৌরিয়া সাফভাতের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের অভিযোগ অনুযায়ী, তারা ইসরায়েলের পক্ষে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত ছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার তথ্য সরবরাহ করেছিলেন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে ২০২৫ সালের জুনে ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাতের অবসান ঘটে।

এদিকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন সামরিক অভিযানের পর আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। যদিও যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরুর আগ্রহের কথা জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ইরান।

সূত্র: রয়টার্স

/এএসএফ