• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম


‘চুক্তি হলে ভালো, না হয় এটাই সুযোগ শেষ’, ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৭:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনো চলমান রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, একটি ‘ভালো চুক্তিতে’ পৌঁছানোর জন্য এটিই তেহরানের শেষ সুযোগ।

ট্রাম্প বলেন, ইরানের অনুরোধেই এই আলোচনা চলছে এবং এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বিশেষ করে কাতারের সমর্থন রয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশ এ বিষয়ে যোগাযোগ করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমরা এখনই ইরানের সঙ্গে আলোচনা করছি। এটি ইরানের অনুরোধে হচ্ছে এবং সৌদি আরব, ইউএই ও বিশেষ করে কাতারের সমর্থন রয়েছে। আরও অনেক দেশ যোগাযোগ করেছে। কিন্তু যদি সমঝোতা না হয়, তাহলে একটি ভালো চুক্তিতে সই করার জন্য এটিই তাদের শেষ সুযোগ।”

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কোনো ধরনের ফি আরোপ করতে পারবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তা হতে দেবে না।

তিনি বলেন, “হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। আমি ইরানকে কোনো ধরনের ফি আদায় করতে দেব না।”

এ সময় ট্রাম্প আরও দাবি করেন, “যদি কেউ কোনো ফি আদায় করে, তাহলে সেটি আমরা করবো। কারণ পুরো পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।”

উল্লেখ্য, ট্রাম্পের এ বক্তব্য এমন সময় এলো, যখন ইরানের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে যে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক বা প্রত্যক্ষ আলোচনা চলছে না। ফলে আলোচনার অগ্রগতি ও দুই পক্ষের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ