ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান।
এই প্রক্রিয়ায় আবেদন করেছিলেন কয়েকজন তারকা ব্যক্তিত্বও। তাদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। তবে চূড়ান্ত তালিকায় নাম না থাকায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফেসবুকে কনকচাঁপা লিখেছেন, জীবনের প্রতিটি পরিস্থিতিতে তিনি আল্লাহর ওপর ভরসা রাখেন এবং মনোনয়ন না পাওয়ার বিষয়টিকেও সেই দৃষ্টিতেই দেখছেন। তিনি জানান, সরাসরি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন, তখনও মনোনয়ন পাননি। পরবর্তীতে গ্রামবাসীর অনুরোধে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করলেও এবারও তাকে মূল্যায়ন করা হয়নি।
তবে এই সিদ্ধান্তে হতাশ না হয়ে তিনি বলেন, নিশ্চয়ই এর মধ্যেও মঙ্গল রয়েছে এবং তার পথচলা এখানেই শেষ নয়। তিনি আরও উল্লেখ করেন, মানুষের ভালোবাসা ও সমর্থন আগের মতোই পাশে থাকবে বলে আশা করেন।
নিজেকে সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে কনকচাঁপা বলেন, দল হয়তো তাকে ভিন্নভাবে মূল্যায়ন করেছে, কিন্তু দেশের জন্য কাজ করার ইচ্ছা তার এখনও অটুট। সবশেষে তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়ে ভবিষ্যতেও দেশ ও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।