ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ড. ইউনূসের সময় একটি গোপন চুক্তি হয়েছিল, যা এখন প্রকাশ্যে এসেছে। তিনি দাবি করেন, এই চুক্তিকে বাণিজ্য চুক্তি বলা হলেও এর শর্তগুলো এমন যে তা মানতে বাধ্য হলে দেশের জাতিগত সত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হতে পারে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির কারণে বাংলাদেশকে তাদের কাছ থেকে বিমান কিনতে হবে, কৃষিপণ্য আমদানি করতে হবে এবং মার্কিন সেনাবাহিনীর অব্যবহৃত অস্ত্র উচ্চমূল্যে ক্রয় করতে হতে পারে। তিনি আরও বলেন, এই চুক্তি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ ছিল বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।
তিনি দাবি করেন, এই চুক্তির বিষয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং এর পেছনে গভীর কোনো প্রভাব বা শক্তির ভূমিকা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এক টাকার মূল্যও অনেক বেশি। এমন অবস্থায় বড় অঙ্কের অর্থ ব্যয়ে বিদেশ থেকে বিমান কেনার বিষয়টি প্রশ্নের উদ্রেক করে।
তিনি আরও বলেন, প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫টি বিমান কেনার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। তার মতে, দেশের স্বার্থ বিবেচনায় এসব চুক্তি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
গোলাম মাওলা রনি প্রশ্ন তোলেন, ক্ষমতায় থাকার জন্য এমন চুক্তি করা বা বিদেশি চাপ মেনে নেওয়া কতটা যৌক্তিক। তিনি বলেন, বিশ্বে এমন অনেক দরিদ্র দেশ আছে যারা নিজেদের স্বার্থে শক্ত অবস্থান নেয়।