সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি তৈরির অভিযোগ এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ডিবি সূত্র জানায়, কক্সবাজার থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় তার ওপর নজরদারি চালানো হয়। পরে রাত প্রায় ৮টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীর গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তিনি আসামি। এছাড়া যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলাতেও তার নাম রয়েছে।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত একটি মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারেও তাকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৩ সালে রাজধানীর বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ডিবি জানিয়েছে, সাবেক এই যুগ্ম সচিবের বিরুদ্ধে থাকা সব অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এএসএফ