দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের পর চাকরিতে পুনর্বহালের নির্দেশ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. নাজমুল তারেক। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নাজমুল তারেক বলেন, “আজকে রায় পেয়েছি, আলহামদুলিল্লাহ। চাকরিতে যোগ দিতে কিছুটা সময় লাগবে। সবাই দোয়া করবেন।”
নাজমুল তারেকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম কাজল বলেন, আদালতের রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর নাজমুল তারেক কর্মস্থলে যোগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায়। টিপ পরা নিয়ে তেজগাঁও কলেজের এক শিক্ষিকার সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগকে কেন্দ্র করে নাজমুল তারেক আলোচনায় আসেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তাকে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরবর্তীতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
নাজমুল তারেক শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছিলেন যে, তিনি টিপ পরা নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করেননি এবং ভুল বোঝাবুঝির কারণে তিনি অভিযুক্ত হয়েছেন। তার পক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলার শুনানিতে এক প্রত্যক্ষদর্শীও একই ধরনের সাক্ষ্য দিয়েছেন।
চাকরিচ্যুত হওয়ার পর ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল তার পক্ষে রায় দিয়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।
এই রায়ের ফলে নাজমুল তারেকের চাকরিতে ফেরার পথ উন্মুক্ত হলো। তবে প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
/এএসএফ