জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের দলের সমালোচনা করে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, তাই ভুল-ত্রুটি হতে পারে। তবে কোনো অনিয়ম বা অন্যায় হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সংশোধনের প্রতিশ্রুতিও দেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ। আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না—এটা বলছি না। আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা সংশোধন করব।”
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সাদা কাপড়ে দাগ লাগলে তা স্পষ্ট দেখা যায়। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নেই। ভুলের মাত্রা বেশি হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সবাই সতর্ক থাকবেন।”
শফিকুর রহমান আরও বলেন, “শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। তাই সবসময় সতর্ক থাকতে হবে। নেতাকে সব বিষয়ে সৎ হতে হবে। তাহলেই সবার মুক্তি আসবে। জামায়াত সেই লক্ষ্যেই কাজ করছে।”
তিনি বলেন, সব যুগেই কিছু অপরাধপ্রবণ মানুষ ছিল এবং থাকবে। তাই প্রত্যেকের উচিত আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের সংশোধনের চেষ্টা করা।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশের আন্দোলনের চেতনা বিশ্বের বিভিন্ন দেশেও প্রভাব ফেলছে। তবে তারা চান না, কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের অবস্থান এখন স্পষ্ট। জনগণের ইচ্ছাই সংবিধানের ঊর্ধ্বে এবং সংবিধান জনগণের জন্য। তিনি প্রশ্ন রেখে বলেন, “জনগণ গণভোট চেয়েছে। একটির রায় মানবেন, আরেকটির রায় মানবেন না কেন?”
সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, “সমাধান যদি সংসদে না হয়, তাহলে রাজপথে হবে, ইনশাআল্লাহ। যেভাবে ২০২৪ সালে হয়েছিল। সরকার যেন জনগণের রায়কে সম্মান করে।”
তিনি আরও বলেন, “বেশি সংবিধান কচলাবেন না। আমরা দেখতে চাই সরকার জনগণের সিদ্ধান্ত মেনে নিয়েছে। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।”
/এএসএফ