• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম


পাঁচ দিন পর চালু হলো চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৩:৫৭ পিএম

বন্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। রোববার (১২ জুলাই) বেলা দেড়টার পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস রোববার সকাল ১১টা ৫৪ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে বেলা সোয়া ২টার দিকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।

জানা গেছে, বেলা ২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ষোলশহরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া অংশ অতিক্রম করে। গত কয়েক দিন ধরে ওই এলাকার রেললাইন বন্যার পানিতে তলিয়ে থাকায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকেই চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর মধ্যেই ট্রেন চলাচল পুনরায় চালুর প্রস্তুতি নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন চালুর আগে দুপুরে ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। এ সময় তার সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মো. সুবক্তগীন বলেন, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হলেও গত মঙ্গলবার রেললাইনে পানি উঠে যায়। পরে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হয়।

রেলওয়ের পূর্বাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে রোববার বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। এর আগে জান আলী হাট রেলস্টেশনে আটকে থাকা চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে নিয়ে আসা হয়। বর্তমানে রেললাইন ট্রেন চলাচলের জন্য নিরাপদ।

ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাইন উদ্দিন মামুন জানান, গত মঙ্গলবার থেকে জান আলী হাট স্টেশনে আটকে থাকা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে ক্ষতিগ্রস্ত অংশ অতিক্রম করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এবং পরে নিরাপদে গন্তব্যে পৌঁছে।

অন্যদিকে, জান আলী হাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসও দুপুর ২টার দিকে একই ক্ষতিগ্রস্ত অংশ সফলভাবে অতিক্রম করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

গত মঙ্গলবার টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেললাইন পানির নিচে তলিয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস মাঝপথে আটকে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

রেলওয়ের প্রকৌশলীরা জানান, বন্যার তীব্র স্রোতে রেললাইনের নিচের পাথর সরে গেলেও রেললাইনের কাঠামো বাঁকা হয়নি বা বড় ধরনের ক্ষতি হয়নি। পরে পাথর পুনর্বিন্যাস এবং ঝুঁকিপূর্ণ অংশ উঁচু করার কাজ শেষ হওয়ায় রোববার থেকে আবারও এই রুটে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়েছে।

/এসএন